রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্য ৪৬ কোটি পাউন্ড সহায়তা দিয়েছে
মির্জাপুরে দুর্গাপূজা পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি · মির্জাপুর, টাঙ্গাইল
প্রকাশ:
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় গত ৯ বছরে যুক্তরাজ্য ৪৬ কোটি পাউন্ড (প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা) সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গাপূজা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, মিয়ানমারের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে বিদ্যমান শক্তিশালী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দুই দেশ শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করছে।
এর আগে বিকেলে সারাহ কুক কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান এবং লাইব্রেরিতে চা-চক্র শেষে পূজামণ্ডপ পরিদর্শনে যান। লৌহজং নদে বজরা নৌকায় করে পূজামণ্ডপ এলাকায় পৌঁছানোর সময় তার সঙ্গে ছিলেন সুইজারল্যান্ডের উপমিশন প্রধান দীপক এলমার।
পূজামণ্ডপের সামনে আশানন্দ হলে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা, শম্পা সাহা ও প্রতিভা মুৎসুদ্দি। পরে অতিথিরা ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।
কুমুদিনীতে নিজের অভিজ্ঞতা নিয়ে সারাহ কুক বলেন, ‘এখানে এটি আমার তৃতীয় সফর। এখানকার চমৎকার সব আয়োজন দারুণ উপভোগ করছি।’