ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে
টাঙ্গাইল জেলা প্রতিনিধি · টাঙ্গাইল
প্রকাশ:
টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লব (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার ঢাকায় পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের একটি ভবনে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বিপ্লব। এ সময় শিশুটিকে মারধর করা হয়, যাতে সে গুরুতর আহত হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গতকাল রাতে টাঙ্গাইল সদর থানায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান জানান, ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালায়। পুলিশের সোর্স আসামিকে শনাক্ত করার পর বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে আটক রাখা হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবদুল কদ্দুস জানান, শিশুটির নাকে ও মুখে গুরুতর আঘাত রয়েছে। আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসা প্রতিবেদন পেলে ধর্ষণচেষ্টার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
গতকাল শনিবার রাত ১২টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান। তিনি শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।