তাহসিফ হত্যায় তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন
নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা গিয়েছিল
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ১৯ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ রোববার তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফ সাউরির সঙ্গে ওই তরুণীকে দেখা যায়। এরপর তারা আরও কয়েকটি জায়গায় যান এবং তাদের মধ্যে মুঠোফোনে কথোপকথন হয়। তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই তরুণীকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে। এর আগে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে রাজধানীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত শুক্রবার রাতে উত্তরখান থানায় মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।