এআই মডেল ক্লড ব্যবহার করে রিম্যান হাইপোথিসিস প্রমাণের দাবি
গাণিতিক এই জটিল সমস্যা সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিকের গবেষক ড. লেভেন্ট আলপোগে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লড ব্যবহার করে গণিত জগতের অন্যতম অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই হাইপোথিসিস প্রস্তাব করেছিলেন, যেখানে বলা হয়েছে মৌলিক সংখ্যাগুলোর অবস্থান কোনো নিয়মহীন বিষয় নয় বরং তা সুনির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে নির্ধারিত। ১৯০০ সালে গণিতবিদ ডেভিড হিলবার্ট বিংশ শতাব্দীর জন্য যে ২৩টি গাণিতিক চ্যালেঞ্জ নির্ধারণ করেছিলেন, তার মধ্যে এটি অন্যতম।
বিজ্ঞাপন
২০০০ সালে ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট ঘোষণা দিয়েছিল, কেউ এই অনুমান প্রমাণ করতে পারলে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ড. আলপোগে বলেন, “ক্লডের সঙ্গে কাজ করে আমি রিম্যান হাইপোথিসিসের একটি প্রমাণ খুঁজে পেয়েছি বলে বিশ্বাস করি। এটাকে এই অনুমানের একটা শেষ মনে হওয়াটাই স্বাভাবিক, আমার কাছে যেন পথ দেখানো প্রধান আলোটা হারিয়ে যাওয়া। তবে সমাধানের পথে এগোতে গিয়ে আমি যা দেখেছি, তা আমাকে এতটাই অবাক করেছে যে, আমার মনে হয়, এটা গোটা বিজ্ঞান জগতে আরও বড় কিছুর নতুন ভোর।”
ড. আলপোগে গাণিতিক যুক্তির নির্ভুলতা যাচাইয়ের মাধ্যম ‘লিন’ কোডে প্রমাণটির একটি সংস্করণ প্রকাশ করেছেন। এখন বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন যে, কোডটি যথাযথ কি না এবং অনুমানটি সত্যিই প্রমাণিত হয়েছে কি না। যুক্তরাষ্ট্র ও তুরস্কের দ্বৈত নাগরিক ড. আলপোগে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এমএ, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত জুলাই মাসে তিনি ক্লড ব্যবহার করে বীজগাণিতিক জ্যামিতির সমস্যা ‘জ্যাকোবিয়ান কনজেকচার’-এর পাল্টা উদাহরণ প্রকাশ করে আলোচনায় এসেছিলেন।
নিজের সাম্প্রতিক বিবৃতিটি পাণ্ডিত্যপূর্ণ উল্লেখ করে ড. আলপোগে আরও লিখেছেন, “আমি আশা করি এই যুক্তিটি সামনে অপেক্ষা করা বিস্ময়কর সাফল্যগুলোর একটি ঝলক দেখাবে এবং সবচেয়ে সাধারণ বিষয়গুলোর ভেতরেও আমরা যে আনন্দ ও বিস্ময় খুঁজে পেতে যাচ্ছি, তা আমাদের উপলব্ধি করাবে।”