পাবনার বেড়ায় বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের পাল্টাপাল্টি অবস্থান
পৌর এলাকায় থমথমে পরিস্থিতির মধ্যে নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন গোলাম মোস্তফা
পাবনা জেলা প্রতিনিধি · বেড়া, পাবনা
প্রকাশ:
পাবনার বেড়া পৌর এলাকার পরিস্থিতি আজও থমথমে হয়ে আছে। রোববার সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা জড়ো হয়েছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, হাতিগাড়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সম্ভপুর, পায়না ও হাতিগাড়া এলাকা পাশাপাশি হওয়ায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ ও সহিংসতা এড়াতে পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থানে রয়েছে।
এই উত্তেজনার কারণে ডাকবাংলা বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, যদিও বেড়া পৌর বাজারে কিছু দোকান খোলা আছে। আতঙ্কের কারণে বাজারে লোকজনের চলাচল কম দেখা গেছে।
গত তিন দিনে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর গতকাল রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। বেড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে নতুন ওসি গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কিছু কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করি, পরিস্থিতির আর অবনতি হবে না।’
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা শুরু হয়। ওই দিন সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নিলে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। একই দিনে বৃশালিখা মহল্লায় সংঘর্ষের সময় কয়েকটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে। শুক্রবারও সম্ভপুর, পায়না ও হাতিগাড়া মহল্লায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আবু আশ্রাফ ও বিএনপির স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির কর্মীরা সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা ক্ষোভ জানান। এ সময় ঘটনার ভিডিও ধারণের সময় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত ও তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপর বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শনিবারের এসব ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যার মধ্যে হাতিগাড়া মহল্লার এক কিশোর গুরুতর আহত হয়েছে।