পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ
তিন দিন ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনায় বেড়া বাজারে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে
পাবনা জেলা প্রতিনিধি · বেড়া, পাবনা
প্রকাশ:
পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় আজ শনিবার দুপুর ১২টার পর থেকে ক্ষমতাসীন বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকেই দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। এছাড়া বেড়ার সম্ভপুরেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার থেকেই ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় আজ এই সংঘাতের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
আজ বিকেল চারটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বৃশালিখা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে, মহল্লার প্রবেশমুখের কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠক করেছেন পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বেড়া পৌর এলাকার সম্ভপুর ও পায়না মহল্লাসহ আশপাশের এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরে গেলেও পায়না ও সম্ভপুর মহল্লার কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই দিন বৃশালিখা মহল্লা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন, যা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন ও ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গতকাল শুক্রবার সম্ভপুর ও পায়না মহল্লায় আওয়ামী লীগ এবং হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পুনরায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এলাকাবাসীর তথ্যমতে, বেড়া পৌরসভার বৃশালিখা, সম্ভপুর ও পায়না মহল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–অধ্যুষিত এবং হাতিগাড়া মহল্লাটি বিএনপি–অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম বলেন, ‘বিনা উসকানিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে এভাবে সংঘর্ষ ও সহিংসতা চলতে পারে না।’
বিজ্ঞাপন
সংঘর্ষ ও উত্তেজনার ফলে বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। লুটপাটের আশঙ্কায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখছেন এবং অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন। বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘তিন দিন ধরে সংঘর্ষ ও উত্তেজনার কারণে বাজারের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। ব্যবসায়ীরা আতঙ্কে দোকান খুলতে পারছেন না। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’
আজ বৃশালিখায় সংঘর্ষের খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার আজ বেলা দেড়টার দিকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে এখন আবার পরিস্থিতি খারাপের কথা শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আশা করি, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।’