নিখোঁজের দুই দিন পর ধানখেতে অচেতন রাবি শিক্ষার্থী
অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
নাটোর জেলা প্রতিনিধি · বড়াইগ্রাম, নাটোর
প্রকাশ:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার ময়না গ্রামের একটি ধানখেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। ওই শিক্ষার্থীর নাম রিদয় আলী (২১), যিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল জওগাঁ গ্রামে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার একটি মেসে থাকতেন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে রিদয় নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাজশাহী নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পুলিশ জানায়, তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান বৃহস্পতিবার রাত ৯টা ৩১ মিনিটে রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করা হয়েছিল, এরপর থেকে ফোনটি বন্ধ ছিল।
স্থানীয় কৃষক মোসলেম জানান, সকালে ধানখেতে ওই তরুণকে পিঠে ব্যাগসহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁকে উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে নেয়। বনপাড়া আমেনা হাসপাতাল সূত্রে জানা গেছে, সারা রাত বৃষ্টি ও ঠান্ডায় কাদামাটিতে পড়ে থাকায় রিদয় মিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারের পর মতিহার থানা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে বড়াইগ্রামে ছুটে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম। উপাচার্য বলেন, "রিদয় আলী সুস্থ হলে জানা যাবে কীভাবে সে এখানে এল, কেন এমন ঘটল এবং এর পেছনে কী কী কারণ রয়েছে।" তিনি এ ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।