নাটোরে গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ
সোমবার গভীর রাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়
নাটোর জেলা প্রতিনিধি · বাগাতিপাড়া, নাটোর
প্রকাশ:
নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের পাশে তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে মোটরসাইকেলে এসে অজ্ঞাত ব্যক্তিরা এই ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে, যাতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস ও শাখা ব্যবস্থাপক মো. শফিউল হাসান।
বিজ্ঞাপন
ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকের সামনে আসেন। তারা পরপর তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ফটকের দিকে ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মোটরসাইকেলের শব্দে ব্যাংক ভবনের পাশের ঘরে থাকা নৈশপ্রহরীসহ অন্য কর্মচারীরা বেরিয়ে আসেন। তারা দেখেন, প্রধান ফটক ও ভবনের মাঝখানে একটি প্লাস্টিকের বোতলের মুখে থাকা কাপড়ে আগুন জ্বলছে এবং পাশে আরও দুটি কাচের বোতল পড়ে আছে। ব্যাংকের লোকজন নিজেরাই আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন।
শাখা ব্যবস্থাপক মো. শফিউল হাসান বলেন, "ব্যাংকের পাশের ঘরে রাতে তিনজন কর্মচারী থাকেন। গভীর রাতে মোটরসাইকেলের শব্দে তাঁরা ঘুম থেকে জেগে ওঠেন। এর মধ্যেই বিকট শব্দ হয় এবং কাপড়জাতীয় কিছুতে আগুন জ্বলতে থাকে।" তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ওসি সুমন চন্দ্র দাস বলেন, "আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে, সেগুলো পেট্রলবোমা ছিল কি না।" তিনি জানান, ব্যাংকের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ করা হয়নি, তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।