পাইলটসহ চীনের বৈদ্যুতিক উড়োজাহাজের সফল উড্ডয়ন
স্বল্প দূরত্বের বাণিজ্যিক ভ্রমণের জন্য ১০ মেট্রিক টন ওজনের এই বিমানটি তৈরি করেছে কোম্যাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
তেলের পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করে যাত্রী পরিবহনের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক বিমান ‘সিই-২৫এ’ গত শনিবার পাইলটসহ প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই উড্ডয়ন পরীক্ষাটি পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) এই উড়োজাহাজটি তৈরি করেছে। শনিবারের ওই পরীক্ষায় দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। পুরো পরীক্ষাটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে উড়ে ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। কোম্যাকের এক বিবৃতিতে জানানো হয়েছে, উড়োজাহাজটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পরীক্ষার সব ফলাফল প্রত্যাশামাফিক পাওয়া গেছে।
সিই-২৫এ হলো কোম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান, যা সর্বোচ্চ ১৯ জন যাত্রী নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের উপযোগী। ১০ মেট্রিক টন ওজনের এই বিমান ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে এবং টানা ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে। এর ডানায় বিশেষ সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি উড়োজাহাজটি প্রথমবারের মতো চালকবিহীন অবস্থায় উড়েছিল। তৈরির পর্যায়ে এটি মোট ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। কোম্যাকের পাশাপাশি কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য দেশীয় অংশীদার যৌথভাবে এটি তৈরি করেছে।
বর্তমানে বিমানটি বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য সনদ নেওয়ার প্রক্রিয়া চলছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিই-২৫এ উড়োজাহাজের সনদের আবেদন গ্রহণ করেছে। চীনের ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা মেনে এটি তৈরি করা হয়েছে এবং বাণিজ্যিক সেবায় যুক্ত হওয়ার আগে এই অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।