আঙুলের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টওয়াচ
যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকেরা স্মার্টওয়াচ ব্যবহারের নতুন দুটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সাধারণত স্মার্টওয়াচে কোনো কাজ করার জন্য স্ক্রিনে স্পর্শ করা, বোতাম চাপা কিংবা হাতের কবজি ঘোরানোর প্রয়োজন হয়। তবে ভবিষ্যতে শুধু আঙুলের ইশারা ব্যবহার করেই মেসেজ পাঠানো, ব্যায়ামের হিসাব চালু করা কিংবা বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল গবেষক এমন সম্ভাবনার কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে আয়োজিত একটি সম্মেলনে গবেষকেরা স্মার্টওয়াচের মাধ্যমে হাত ও বাহুর নড়াচড়া শনাক্ত করার দুটি নতুন পদ্ধতি তুলে ধরেছেন। এর একটি কবজির ত্বকের নিচে থাকা পেশি ও টেন্ডনের নড়াচড়া বুঝে হাতের ইশারা শনাক্ত করতে সক্ষম। অন্যটি ব্যবহারকারীর কয়েকটি নমুনা দেখে নতুন নতুন দৈনন্দিন কাজ চিনতে ও শিখতে পারে।
ত্বকের নিচের নড়াচড়া বোঝার জন্য বিজ্ঞানীরা 'ইআইটি ওয়াচ' নামে একটি প্রযুক্তি ব্যবহার করেছেন। এই প্রযুক্তিতে আটটি ছোট ইলেকট্রোড থাকে, যা কবজির মধ্য দিয়ে ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে শরীরের ভেতরের বিভিন্ন অংশের বৈদ্যুতিক বৈশিষ্ট্যের পরিবর্তন মেপে নড়াচড়ার ধারণা পায়। আঙুল নাড়ানো, মুঠি বন্ধ করা কিংবা বৃদ্ধাঙ্গুলি ওপরে তোলার সময় কবজির পেশি ও টেন্ডনের অবস্থানে পরিবর্তন ঘটে, যা স্মার্টওয়াচ প্যাটার্ন হিসেবে শনাক্ত করে।
গবেষণাগারের পরীক্ষায় প্রযুক্তিটি ছয় ধরনের সাধারণ হাতের ইশারা ৯২ শতাংশের বেশি নির্ভুলতায় এবং পাঁচ ধরনের সূক্ষ্ম আঙুলের নড়াচড়া ৯১ শতাংশের বেশি নির্ভুলতায় শনাক্ত করতে পেরেছে। উদাহরণস্বরূপ, বৃদ্ধাঙ্গুলি ওপরে তুললে মেসেজ পাঠানো কিংবা তর্জনী দিয়ে ইশারা করলে ব্যায়ামের সময় স্টেপ কাউন্টার চালু করার মতো কাজ করা সম্ভব।
অন্য প্রযুক্তিটির নাম 'ট্রানস্ফ এইচএআর', যা স্মার্টওয়াচের ভেতরে থাকা অ্যাক্সেলেরোমিটার ও জাইরোস্কোপের মতো সেন্সর ব্যবহার করে কবজির গতি, ঘূর্ণন ও নড়াচড়া পরিমাপ করে। এর বিশেষত্ব হলো, ব্যবহারকারী কোনো কাজ কয়েকবার দেখালেই স্মার্টওয়াচ সেটি শিখে নিতে পারে। গবেষকেরা ২ হাজার ৭০০ ঘণ্টার বেশি সময়ের বিভিন্ন নড়াচড়ার তথ্য ব্যবহার করে সিস্টেমটিকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন।
বিজ্ঞাপন
এই প্রযুক্তি শুধু স্মার্টওয়াচ নয়, চিকিৎসাক্ষেত্রেও কাজে লাগতে পারে। কৃত্রিম হাত বা রোবোটিক প্রস্থেটিক হাত নিয়ন্ত্রণে এবং হাসপাতাল বা বৃদ্ধনিবাসে রোগীদের শারীরিক কাজ পর্যবেক্ষণে এটি সহায়তা করতে পারে। বর্তমানে প্রযুক্তি দুটি গবেষণা পর্যায়ে রয়েছে এবং বিজ্ঞানীরা ইলেকট্রনিক অংশগুলোকে স্মার্টওয়াচের ভেতরে আরও সুন্দরভাবে যুক্ত করার কাজ করছেন।