পিসি বিক্রির তথ্য গোপনের অভিযোগে ইন্টেলের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা
বিক্রিতে ধসের বিষয়টি গোপন রাখায় একদিনে কোম্পানিটির শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সান জোসেতে একটি প্রস্তাবিত যৌথ (ক্লাস অ্যাকশন) মামলা দায়ের করা হয়েছে। শেয়ারহোল্ডারদের অভিযোগ, পিসি বিক্রিতে ধসের বিষয়টি গোপন রাখার কারণে কোম্পানিটির শেয়ারের দর একদিনেই প্রায় ২৯ শতাংশ কমে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি পিসি বিক্রির মন্দার প্রভাব সম্পর্কে শেয়ারহোল্ডারদের যথাসময়ে সতর্ক করেনি, যার ফলে শেয়ারের দাম কৃত্রিমভাবে বেশি ছিল।
বিজ্ঞাপন
আইনি প্রতিষ্ঠান রবিনস গেলার রুডম্যান অ্যান্ড ডাউড এই মামলাটি দায়ের করেছে। এতে চলতি বছরের ২৩ জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইন্টেলের সাধারণ শেয়ারের মালিক থাকা বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্যান লিপ-বু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ইন্টেল গুরুত্বপূর্ণভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পিসি বিক্রির গতি কমে যাওয়া এবং ডেটা সেন্টার প্রকল্পগুলোর প্রভাব গোপন করেছে।
গত ৩০ অক্টোবর ইন্টেলের শেয়ারের দামে বড় ধরনের ধস নামলে কোম্পানিটির বাজারমূল্য থেকে কয়েক হাজার কোটি ডলার কমে যায়। এর আগের দিনই প্রতিষ্ঠানটি তাদের আসন্ন আর্থিক প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে কম রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছিল। গত অক্টোবরে ইন্টেল জানায়, সেপ্টেম্বর মাসে শেষ হওয়া তিন মাসে তাদের কম্পিউটার হার্ডওয়্যার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে, যা কোম্পানির আগের দাবির সঙ্গে সাংঘর্ষিক।
মামলায় উল্লেখ করা হয়েছে, পিসি বিক্রিতে চাহিদার মন্দার কারণে কোম্পানিটির ত্রৈমাসিক আয় ৯ শতাংশ বা প্রায় ৮০ কোটি ডলার কমে ৮১০ কোটি ডলারে নেমে এসেছে। এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য উৎপাদন খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে ইন্টেল। তবে চিপের সরবরাহ সংকটের বিষয়ে ইন্টেলের প্রধান নির্বাহী ট্যান বিশ্লেষকদের জানিয়েছেন যে, জরুরি ভিত্তিতে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
গত এক মাসে ইন্টেলের শেয়ারের দাম ৩৭ দশমিক ৫ শতাংশ কমেছে, যদিও সামগ্রিকভাবে চলতি বছরে কোম্পানিটির শেয়ারের দাম ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মামলার বিষয়ে মন্তব্য জানতে বিবিসির পক্ষ থেকে ইন্টেলের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিষ্ঠানটি কোনো বক্তব্য দেয়নি।