গুগল জেমিনাই ব্যবহারের কার্যকর উপায় ও কৌশল
এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাইকে নিজের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়ার বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সঠিক এআই সার্চ ইঞ্জিন খুঁজে পাওয়া বেশ জটিল কাজ হলেও গুগলের সবচেয়ে কার্যকর এআই টুল জেমিনাই ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সহজ করতে পারে। জেমিনাইয়ের তথ্যবহুল ও সংক্ষিপ্ত উত্তর দেওয়ার সক্ষমতা একে ক্লড ও চ্যাটজিপিটির শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, গুগল জেমিনাইকে নিজের মতো করে অপ্টিমাইজ করার মাধ্যমে এর থেকে সেরা ফলাফল পাওয়া সম্ভব। ব্যবহারকারীরা মেনুর ‘কাস্টমাইজেশন’ অপশনে গিয়ে নিজেদের বেশি ব্যবহৃত অ্যাপগুলোকে জেমিনাইয়ের সঙ্গে সংযুক্ত করতে পারেন।
বিজ্ঞাপন
যেকোনো এআই অ্যাসিস্ট্যান্টকে উপযোগী করে তোলার মূল ভিত্তি হলো ‘প্রম্পট’ বা নির্দেশনা। সাধারণ নির্দেশনার চেয়ে সুনির্দিষ্ট ও বিস্তারিত নির্দেশনা জেমিনাইয়ে অনেক ভালো কাজ করে। ব্যবহারকারী চাইলে এআইয়ের তথ্য উপস্থাপনের ধরনও পরিবর্তন করতে পারেন। জেমিনাই ব্যবহারকারীর বন্ধু, পরামর্শদাতা নাকি নির্দিষ্ট কোনো শিল্পের পেশাদার ব্যক্তি হিসেবে কাজ করবে, তা সুনির্দিষ্ট করে দিলে এর উত্তর আরও কার্যকর হয়। নতুন ধারণা পেতে সমস্যা হলে কিছু সীমাবদ্ধতা নির্ধারণ করে দেওয়া এবং তথ্যের উৎস ও উপস্থাপনের পদ্ধতি সীমিত করার পরামর্শও দেওয়া হয়েছে।
‘স্কিলস’-এর মাধ্যমেও জেমিনাইয়ের উত্তর দেওয়ার ধরন নিয়ন্ত্রণ করা যায়, যা সংরক্ষিত কিছু প্রম্পট হিসেবে কাজ করে। স্ল্যাশ (/) কমান্ডের মাধ্যমে এসব স্কিল ব্যবহার করা সম্ভব। কাস্টমাইজেশন মেনুতে গুগলের তৈরি স্কিলের পাশাপাশি ব্যবহারকারী নিজের প্রয়োজনমতো নতুন স্কিল তৈরি করতে পারেন। এনগ্যাজেটের পরামর্শ অনুযায়ী, প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য আলাদা স্কিল তৈরি করে রাখলে আলাদা ট্যাবে না গিয়েই কমান্ড টাইপ করে দ্রুত কাজ করা যায়।
গুগল জেমিনাই ব্যবহারের কিছু কার্যকর টিপস ও কৌশলের মধ্যে রয়েছে চ্যাট বারের প্লাস আইকন ব্যবহার করা। এর মাধ্যমে ডকুমেন্ট বা ছবি আপলোডের পাশাপাশি ডিপ রিসার্চ ও গাইডেড লার্নিংয়ের মতো অপশনগুলো ব্যবহার করা যায়। ডিপ রিসার্চ ফিচারটি জেমিনাইকে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে ও একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহে সাহায্য করে। নতুন বিষয় শেখার জন্য গাইডেড লার্নিং অপশনটি বেশ সহায়ক। এছাড়া অন্যান্য এআই চ্যাটবট থেকে ডেটা এক্সপোর্ট করে জেমিনাইয়ের সেটিংস মেনুর মাধ্যমে ইমপোর্ট করলে আউটপুট আরও নিখুঁত ও কনটেক্সটপূর্ণ হয়।