হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী নওফেলসহ মোট ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ রোববার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সূচনা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।
বিজ্ঞাপন
সূচনা বক্তব্যের পরবর্তী ধাপে মামলার প্রথম সাক্ষী হিসেবে আহমেদ আনিছ জবানবন্দি দিয়েছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে একটি নির্মাণপ্রতিষ্ঠানে হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
মামলার নথিপত্র অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ আছে এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার বিষয়টি রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, ফিরোজ, তৌহিদুল ইসলাম, আ. আজিজ ও দেবাশীষ পাল বর্তমানে গ্রেপ্তার আছেন এবং আজ তাঁদের আদালতে হাজির করা হয়। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৭ আসামি এখনো পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তিনি এই মামলার বিচার কোনোভাবেই শুরু করতে পারছিলেন না। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে যে আসামিপক্ষকে কথা বলতে দেওয়া হয় না ও তাঁদের কাগজ দেওয়া হয় না। নানা অভিযোগ নিয়ে প্রতিটি তারিখেই আসামিপক্ষ দরখাস্ত নিয়ে আসে। আসামি ফজলে করিম চৌধুরীর আইনজীবী বা তাঁর আত্মীয়স্বজন মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ নানা জায়গায় প্রসিকিউশনের নামে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেন। নানা ছুতায় দিনের পর দিন মামলাটির কার্যক্রম ব্যাহত করা হয়।
বিজ্ঞাপন
চিফ প্রসিকিউটর আরও বলেন, ফজলে করিমের আইনজীবীর পক্ষ থেকে আজ একটি আবেদন নিয়ে আসা হয়েছে যে এই মামলার সাক্ষীরা নাকি তাঁকে (ফজলে করিমের আইনজীবীকে) গালাগালি করেছেন। আবার সাক্ষীরা এসে অভিযোগ করেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। আদালতের বাইরের বিষয়গুলো এনে মামলাটির কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হয়।
এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ সাংবাদিকদের বলেন, দেশ-বিদেশের বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হয়রানি করা হয়। কিছু মানুষ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত হয়রানি করছে এবং তাঁকে নিয়ে ঢাকা শহরে পোস্টার করা হয়।