সীমান্তে নিষিদ্ধ দলের পলাতকদের তথ্য দিলে পুরস্কার দেবে যশোর বিজিবি
যশোর সীমান্তে নজরদারি বাড়াতে হটলাইন নম্বর চালু করেছে ৪৯ বিজিবি
যশোর জেলা প্রতিনিধি · যশোর
প্রকাশ:
যশোর সীমান্তে নিষিদ্ধ ঘোষিত দলের পলাতক সদস্যদের অবস্থানের তথ্য দিলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। রবিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ ঘোষণা দেন। তিনি জানান, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, নিষিদ্ধ দলটির পলাতক ও ফেরারি আসামি এবং অপরাধীদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দুষ্কৃতকারীদের ইন্ধনে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো তথ্য জানাতে ০১৭৬৯৬০৪১১৫ হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বিজিবি সদর দপ্তরের নির্দেশে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং রাতে নজরদারির জন্য গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট বসানো হচ্ছে।
তিনি জানান, নজরদারিতে নাইট ভিশন ও থার্মাল ড্রোন ক্যামেরা, সিসি ক্যামেরাসহ আধুনিক সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত তথ্য বিনিময় করা হচ্ছে। সীমান্তে নিয়মিত মাইকিংও করা হচ্ছে। সভায় যশোর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যশোরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।