যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল ও চিরকুট রেখে হত্যার হুমকি
সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে অবিস্ফোরিত দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ
যশোর জেলা প্রতিনিধি · যশোর
প্রকাশ:
যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে শুক্রবার সকালে এক বিএনপি নেতার বাড়ির উঠান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী নেতার নাম শিমুল হোসেন, যিনি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ককটেলের পাশে পাওয়া চিরকুটে তাঁকে হত্যার হুমকি দিয়ে লেখা ছিল, ‘এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি।’
বিজ্ঞাপন
শিমুল হোসেন সাংবাদিকদের জানান, সকালে বাড়ির উঠানে লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখে তাঁর সন্দেহ হয়। তিনি দাবি করেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাঁর বাড়িতে ককটেল ছুড়ে মেরেছিল, কিন্তু সেগুলো ফাটেনি। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও ডিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বস্তুগুলো ও চিরকুট উদ্ধার করে।
ঘটনার পর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিন্দা প্রকাশ করেন এবং অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ওসি কবির হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে যশোর শহরের আদালত চত্বর, জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়–সংলগ্নসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র জানায়, ওই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক সন্দেহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বাড়ানো হয়েছে।