মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশু নিহত, দুইজন আহত
মেঘনা নদীতে দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু
শরীয়তপুর জেলা প্রতিনিধি · ভেদরগঞ্জ, শরীয়তপুর
প্রকাশ:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীসংলগ্ন বেড়াচাক্কি এলাকায় শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ফেরি ও বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা ছিল এবং পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিল।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে চাঁদপুরের হরিণা ঘাট থেকে 'কাকলি' নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের ভেতরে থাকা তিন শিশু চাপা পড়ে।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, বাল্কহেডের ধাক্কায় বাসের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে তিন শিশু চাপা পড়ে। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয় এবং আহত দুই শিশুকে চিকিৎসার জন্য দ্রুত চাঁদপুরে পাঠানো হয়েছে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিল। পরে পুলিশ সেটি জব্দ করে এবং দুই শ্রমিককে আটক করে। ফেরির চালককেও আটক করা হয়েছে এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগে মামলা করা হবে।