একটি কাতলা মাছের দাম ৫৭ হাজার টাকা
জেলে লুৎফর রহমানের জালে ধরা পড়া মাছটি পরে ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন
রাজবাড়ী জেলা প্রতিনিধি · গোয়ালন্দ, রাজবাড়ী
প্রকাশ:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে আজ বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে ২৩ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ ধরা পড়েছে। স্থানীয় মৎস্যজীবীদের তথ্য অনুযায়ী, দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে চাপ জাল ফেললে জেলে লুৎফর রহমান মাছটি পান।
বিজ্ঞাপন
সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন জেলে লুৎফর রহমান। সেখানে সকাল ছয়টার দিকে নিলামে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
মাছটি কিনে নেওয়ার পর চান্দু মোল্লা তার ফেসবুক অ্যাকাউন্টে এটির ছবি ও ভিডিও প্রচার করেন। পরবর্তীতে ঢাকার গুলশানের একজন ব্যবসায়ী প্রতি কেজি ১০০ টাকা লাভে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা জানান, ক্রেতার দেওয়া ঠিকানায় সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি দূরপাল্লার বাসে মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 'চাপ জালে সাধারণত এত বড় কাতলা মাছ ধরা পড়তে দেখেননি। চলতি মৌসুমেও এত বড় কাতলা মাছ প্রথম কিনেছেন।'