সৌদি ও মিত্রদের অনুরোধে ইরানে হামলা থেকে বিরত ট্রাম্প
ইরানের জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনা তিন দিনে ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধে তিনি আপাতত ইরানে বড় কোনো হামলা চালানো থেকে বিরত রয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ট্রাম্প বলেন, আঞ্চলিক মিত্রদের অনুরোধের কারণে তিনি তেহরানকে আপাতত কেবল অর্থনৈতিক ও সামরিক চাপে রাখার কৌশল নিয়েছেন।
বিজ্ঞাপন
ট্রাম্পের ভাষ্যমতে, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, পরিস্থিতি যেমন আছে, আপাতত তেমনই রাখতে।’ এছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল বজায় রাখার পক্ষে মত দিয়েছে। তবে তিনি জানান, এসব দেশ অনুরোধ না করলে তিনি ইরানে নতুন করে হামলা চালাতেন। যদিও মিত্রদের এই অনুরোধের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিশ্চিত নয় বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। তিনি বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’
ইরানের সঙ্গে উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্রে পেট্রলসহ জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টিও স্বীকার করেন ট্রাম্প। তিনি জানান, এই মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। তবে এমন পরিস্থিতির পরও ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন ট্রাম্প।