নারায়ণগঞ্জে রেস্তোরাঁ ব্যবস্থাপককে গুলির হুমকির অভিযোগ মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এই হুমকি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি · নারায়ণগঞ্জ
প্রকাশ:
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যবস্থাপক খোকনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন এই হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৯ সেকেন্ডের একটি ভিডিও বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
বিজ্ঞাপন
রেস্তোরাঁর এক কর্মীর ভাষ্যমতে, এক নারী চার প্যাকেট বিরিয়ানির টাকা না দিয়েই খাবার দাবি করলে ব্যবস্থাপকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে ওই নারী মৎস্যজীবী দলের নেতা এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে রেস্তোরাঁয় ফিরে আসেন এবং ওই নেতা উত্তেজিত হয়ে ব্যবস্থাপককে ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে হুমকি দেন। রেস্তোরাঁর মালিক রফিকুল ইসলাম জানান, পরে ওই নেতা দোকানে এসে বলেছেন, ‘মাথা গরম হয়ে গিয়েছিল; কিছু মনে করবেন না।’
এ বিষয়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান জানান, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে আছে এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেউ অভিযোগ না করলেও বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।