মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দফায় দফায় হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটেছে।
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি · মুন্সিগঞ্জ
প্রকাশ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এসব ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা এলাকার বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তারা সবাই ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার পক্ষের সমর্থক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অপর পক্ষের আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে আওলাদ হোসেন ও রহিম মোল্লা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মোল্লাকান্দি ইউনিয়নে যখন যে দল ক্ষমতায় থাকে, সেখানকার নেতারা আধিপত্য বিস্তারের লড়াইয়ে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। অতীতে আওয়ামী লীগের শাসনামলেও দলীয় নেতারা দুটি পক্ষে বিভক্ত হয়ে থাকতেন এবং বিএনপির সমর্থকেরা তাদের হয়ে সংঘর্ষে জড়াতেন। আওয়ামী লীগের পতনের পর এখন বিএনপির দুই পক্ষ আধিপত্য বিস্তারের লড়াইয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে।
রহিম মোল্লার পক্ষের লোকজনের অভিযোগ, বুধবার রাতে আওলাদ হোসেনের পক্ষের লোকজন হামলা চালিয়ে নোয়াদ্দা এলাকার চারজনকে গুলিবিদ্ধ করে। এর জেরে বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া বাজারে গিয়ে আওলাদের সমর্থকদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর ও মোল্লাকান্দি গ্রামে পাল্টাপাল্টি হামলা ও গোলাগুলির ঘটনা ছড়িয়ে পড়ে। সকালে চরডুমুরিয়া বাজারে পুলিশ পৌঁছালে তাদের লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিজ্ঞাপন
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর জানান, বুধবার রাত দেড়টার দিকে চারজন এবং বৃহস্পতিবার সকাল সাতটার দিকে আরও একজনসহ মোট পাঁচজন চোখে ও শরীরের বিভিন্ন স্থানে পিলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রহিম মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, 'বুধবার রাতে তাঁদের পক্ষের বোরহান শিকদারের বাড়ির পাশে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে তাঁরা নোয়াদ্দা শিকদারবাড়ির সেতুর সামনে যান। সেখানে দাঁড়িয়ে বোরহানসহ পাঁচ থেকে ছয়জন কথা বলছিলেন। তখন পেছন থেকে আওলাদের সমর্থক রিফাত হালদার গুলি করলে চারজন গুলিবিদ্ধ হন। পরে ভোরে তাঁদের লোকজনের অবস্থান লক্ষ্য করে আবার গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রতিরোধ গড়ে তুলে পাল্টা হামলা করেন।'
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওলাদ মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি দাবি করেন, 'সংসদ নির্বাচনের পর থেকে রহিম মোল্লার লোকজন ইউনিয়নছাড়া ছিলেন। ২১ দিন আগে তাঁরা গ্রামে ফিরেছেন। এর পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁদের লোকজনকে দেখলেই হুমকি-ধমকি ও মারধর করে আসছিলেন। গতকাল রাতেও তাঁদের একজনকে মারধর করা হয়। আজ সকালে তাঁদের ওপর হামলা করা হয়। পরে তাঁদের লোকজনও পাল্টা হামলা চালান।'
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বৃহস্পতিবার সকালে জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।