হেগসেথকে ছাড় দিতে নারাজ ডেমোক্র্যাটরা
প্রস্তাবটির পক্ষে ২০৪ ভোট পড়লেও প্রয়োজনীয় ২১৭ ভোট পায়নি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবটি পাস হয়নি। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতা এই প্রস্তাবটি তুলেছিলেন। যদিও বিরোধী ডেমোক্র্যাটরা জানিয়েছেন, এটি কেবল শুরু এবং হেগসেথকে অভিশংসনের জন্য তারা সম্ভাব্য সবকিছুই করবেন।
বিজ্ঞাপন
গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়ের পর থেকে ‘যুদ্ধমন্ত্রী’ হেগসেথকে অপসারণের দাবি জোরালো হয়ে ওঠে। রিপাবলিকানদের মধ্য থেকেও কেউ কেউ হেগসেথের পদত্যাগ দাবি করছেন, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কেন্টাকির ট্রাম্পবিরোধী রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ শুরুসহ মোট আটটি অভিযোগ তুলেছেন।
প্রতিনিধি পরিষদের মোট সদস্যসংখ্যা ৪৩৫ জন হলেও গত এপ্রিলে একজন রিপাবলিকান ও একজন ডেমোক্র্যাট পদত্যাগ করায় বর্তমান সদস্যসংখ্যা ৪৩৩ জন। ভোটাভুটিতে প্রস্তাবটির বিপক্ষে ২১১টি এবং পক্ষে ২০৪টি ভোট পড়ে। প্রস্তাবটি পাসের জন্য ২১৭ জনের সমর্থনের প্রয়োজন ছিল। এছাড়া ভোটাভুটিতে ১৮ জন সদস্য অংশ নেননি, যার মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির ১১ জন এবং রিপাবলিকান পার্টির ৭ জন আইনপ্রণেতা রয়েছেন।
আগামী জানুয়ারিতে কংগ্রেসের হিসাব-নিকাশ বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ নভেম্বর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্রেটিক পার্টি জয়লাভ করেছে। বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকলেও জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে।
বিজ্ঞাপন
তবে নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাব পাস হলেও হেগসেথ তাৎক্ষণিকভাবে পদচ্যুত হবেন না। নিম্নকক্ষে পাসের পর প্রস্তাবটি উচ্চকক্ষ সিনেটে যাবে, যেখানে প্রস্তাবের পক্ষে ১০০ সিনেটরের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। বর্তমানে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও দুই-তৃতীয়াংশ আসন নেই।
প্রস্তাবটি পাস না হওয়ার প্রতিক্রিয়ায় টমাস ম্যাসি বলেন, ‘আমি এতে অবাক হইনি, তবে মর্মাহত হয়েছি।’ অন্যদিকে পেন্টাগনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ এই উদ্যোগকে একটি ‘প্রহসন’ ও ‘ষড়যন্ত্রমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
প্রতিনিধি পরিষদের বর্তমান বিরোধীদলীয় নেতা ও জানুয়ারিতে গঠন হতে যাওয়া কংগ্রেসের সম্ভাব্য স্পিকার হাকিম জেফ্রিস জানিয়েছেন, হেগসেথকে পদচ্যুত করতে ডেমোক্র্যাটদের অভিশংসন চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘হেগসেথের অভিশংসন প্রস্তাবের বিষয়ে কী ঘটেছে বা কী ঘটেনি, তা নিয়ে আমি আমার দলের কারও সঙ্গে এখনো বিস্তারিতভাবে কথা বলিনি। তবে এখানেই এর শেষ নয়, বরং সবে শুরু।’
কলোরাডোর কংগ্রেসম্যান পিটারসেন মন্তব্য করেছেন যে, জানুয়ারিতে কংগ্রেস তাদের নিয়ন্ত্রণে এলে পিট হেগসেথের অভিশংসন কেউ আটকাতে পারবে না। তিনি আরও বলেন, ডেমোক্র্যাটরা জানুয়ারিতে হেগসেথকে অভিশংসিত করবে এবং জনসন বা ট্রাম্প কেউই তাদের থামাতে পারবেন না।