নেতানিয়াহুর সঙ্গে জোট সরকারে যাবে না আইজেনকটের দল
নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণকে ‘বিভাজনমূলক’ আখ্যা দিয়ে বৈঠকটি বাতিল করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলের নতুন পার্লামেন্ট নেসেটের সদস্য গাদি আইজেনকটের নেতৃত্বাধীন দল ইয়াশার জানিয়েছে, জোট সরকার গঠনের লক্ষ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে তাদের একটি প্রাথমিক বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে বুধবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে ‘বিভাজনমূলক’ ভাষণ দেওয়ায় সেই বৈঠকটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
দলটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য ইয়াশার চারটি নীতি নির্ধারণ করেছিল এবং এর ভিত্তিতে নেসেটের সব দলের সঙ্গে আন্তরিক আলোচনার আহ্বান জানানো হয়েছিল। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার লিকুদের সঙ্গে বৈঠকের সময় ঠিক করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ ও নেসেটের শপথ অনুষ্ঠানে তাঁর ‘লজ্জাজনক’ আচরণের কারণে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট এই বৈঠক বাতিলের নির্দেশ দিয়েছেন।
গত সোমবার নেতানিয়াহু বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে মঙ্গলবার নেসেটে দেওয়া তাঁর ভাষণকে আইজেনকট ‘উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। ওই ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে জাতীয় ঐক্যের সরকারের জন্য চাপ প্রয়োগ করেন। ইয়াশারের বিবৃতিতে অভিযোগ করা হয়, নেতানিয়াহু আলোচনার পরিবর্তে ইসরায়েলি নাগরিকদের বিভক্ত করার পথ বেছে নিয়েছেন এবং নিজের রাজনৈতিক জীবন টিকিয়ে রাখার পথ খুঁজছেন।
এদিকে লিকুদ পার্টির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে ‘হেঁয়ালিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে। লিকুদ দাবি করেছে, তারা জাতীয় ঐক্য অর্জনে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ঐক্যের পক্ষে যেকোনো দলের সঙ্গে বসতে রাজি। লিকুদের অভিযোগ, ইয়াশার পার্টি লিকুদের সঙ্গে বৈঠক বাতিল করলেও আরব দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে। দলটির ভাষ্যমতে, নেসেটের শপথ অনুষ্ঠানের সময় আরব দলগুলো জাতীয় সংগীতের সময় ওয়াকআউট করেছিল।