অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়ে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী ইনিয়া
অস্বস্তি থাকলে নির্মাতাকে জানানোর অধিকার অভিনয়শিল্পীদের রয়েছে বলে মন্তব্য করেছেন এই দক্ষিণ ভারতীয় তারকা।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সিনেমার শুটিং সেটে ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকের বিষয়ে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সম্মতি ও সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া জানিয়েছেন, কোনো অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাঁকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো সম্ভব নয়। তবে তাঁর মতে, কোনো বিষয়ে অস্বস্তি থাকলে সেটি যথাসময়ে নির্মাতাকে জানিয়ে দেওয়া একজন শিল্পীর দায়িত্ব।
বিজ্ঞাপন
ইনিয়ার ভাষ্যমতে, ‘সিনেমাজগতে কেউ আমাদের কোনো কিছু করতে বাধ্য করে না। আমাদের সম্মতি ছাড়া কেউ কিছু করাতে পারে না। কোনো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হলে সেটা জানানো উচিত। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন।’ তিনি আরও যোগ করেন, কোনো দৃশ্যে অভিনয়ের সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে তা নিয়ে আপত্তি তোলা যৌক্তিক নয়। তাই কাজের শুরুতেই নিজের সীমারেখা পরিষ্কার রাখা প্রয়োজন।
নিজের ব্যক্তিগত পরিসর রক্ষার বিষয়ে বাবার কাছ থেকে পাওয়া শিক্ষার কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। ইনিয়া জানান, তাঁর বাবা সব সময় বলতেন, নিজের ঘর একটি ব্যক্তিগত জায়গা, আর সেখানে কেউ ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাঁকেই। প্রসঙ্গত, ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইনিয়া অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’।