কেশবপুরে ধানখেতে দুই নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার রাতে কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
যশোর জেলা প্রতিনিধি · কেশবপুর, যশোর
প্রকাশ:
যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই গ্রামের ধানখেতে লাশ দুটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিহত ওই নারী ও পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর বলে পুলিশ জানিয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা আছে। আর নিহত নারীর পরনে ম্যাক্সি।” তিনি আরও জানান, নিহতদের স্থানীয় কেউ চিনতে পারছেন না।
পুলিশ জানায়, যশোর থেকে ফরেনসিক দল আসার পর লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কে ওসি হাফিজুর রহমান বলেন, “মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। লাশ দুটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”