জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
শহরের পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধা রক্ষায় জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ এবং করপোরেট মুনাফাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নগর-পরিকল্পনাবিদ ও স্থাপত্য-বিশেষজ্ঞরা। তাঁদের ভাষ্যমতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার ফলে শহরের জলাধার, পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে এসব কথা উঠে আসে। অনুষ্ঠানটির আয়োজক ছিল দ্য ডেইলি স্টার।
অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক শায়ের গফুর বলেন, “জমির লাগামহীন বাণিজ্যিকীকরণের কারণে ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে।” তিনি আরও জানান, কর্তৃপক্ষের নীরব সমর্থনে এই প্রক্রিয়া চলমান রয়েছে এবং জমির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বাসযোগ্যতা ফেরানোর কথা বলা স্ববিরোধী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান জানান, গত তিন দশকে ঢাকা একটি বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত হয়েছে। তাঁর মতে, নগর-পরিকল্পনা, ভবন ও অবকাঠামোর প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থের চেয়ে করপোরেট মুনাফাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উপপরিবহন পরিকল্পনাবিদ ধ্রুব আলম বলেন, ঢাকার পরিবহন উন্নয়ন দীর্ঘ সময় ধরে পরিকল্পিত ব্যবস্থার পরিবর্তে বিচ্ছিন্ন ও সাময়িক পদক্ষেপের ওপর ভিত্তি করে চলছে। তিনি উল্লেখ করেন, জাতীয় নগর পরিবহন নীতিতে পথচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও পরিবহন পরিকল্পনার বাজেটের ১ শতাংশেরও কম ব্যয় হয় তাঁদের সুযোগ-সুবিধার জন্য।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক ইমরান মাহফুজ।