ঘরের ওপর ট্রাক উল্টে শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা
রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
রংপুর জেলা প্রতিনিধি · রংপুর
প্রকাশ:
রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় শুক্রবার ভোর চারটার দিকে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বসতঘরের ওপর উল্টে পড়ে। এ ঘটনায় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তাসলিমা আক্তার (১১) নামের এক শিশু নিহত হয়েছে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় শিশুটির অন্তঃসত্ত্বা মা আশা বেগম (২৬) গুরুতর আহত হয়েছেন, যিনি স্থানীয় পিন্টু মিয়ার স্ত্রী।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতমাথা এলাকা থেকে বালুবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে নগরীতে ঢোকার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি টিনের চালের ঘরের ওপর আছড়ে পড়লে মা ও মেয়ে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মোখলেছুর রহমান বলেন, ‘ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে বাইরে বের হয়ে দেখতে পাই একটি ট্রাক কাঁচা ঘরের ওপরে উল্টে পড়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর পরেই আসে ফায়ার সার্ভিসের সদস্যারা। ট্রাকের নিচে চাপা পড়া শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় শিশুর মাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও তার সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ট্রাকচালক মেহেদীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোসলিমপুর গ্রামে এবং সহকারী শ্রাবণ রংপুর নগরের হাজিরহাট থানার রাধাকৃষ্ণপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, চালক ও তার সহযোগী পুলিশের হেফাজতে রয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে থানায় মামলার প্রস্তুতি চলছে।