রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেফতার
রবিবার রাতে নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার করেছে এসআরবি
রংপুর জেলা প্রতিনিধি · রংপুর
প্রকাশ:
রংপুর নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৬) গ্রেফতার করেছে এসআরবি। রবিবার রাতে অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়। মেরিল সুমন নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।
বিজ্ঞাপন
এসআরবির সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান সোমবার বিকেলে জানান, সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিও বাজার থেকে তাকে আটক করা হয়। ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যায় জড়িত থাকার অভিযোগে এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ তৎকালীন র্যাব-৫ তাকে গ্রেফতার করেছিল।
পুলিশ ও এসআরবি সূত্র জানায়, মেরিল সুমনের বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১টি, হত্যা চেষ্টা ও মারামারি ৮টি, চাঁদাবাজির ৪টি, ডাকাতি প্রস্তুতির ৩টি, অস্ত্র মামলা ৬টি, অপহরণ মামলা ১টি, সন্ত্রাস বিরোধী আইনে ১টি, মাদক মামলা ১টি এবং দ্রুত বিচার আইনে ১টি মামলা অন্তর্ভুক্ত।
এসআরবির সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান বলেন, "গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্যে এসআরবি-১৩ কার্যালয়ে নেয়া হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান, সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেরিল সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।"