রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
উপাচার্যের কক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিন্ডিকেট সভায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে
রংপুর জেলা প্রতিনিধি · রংপুর
প্রকাশ:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সংস্থাপন শাখার জিয়াউল হক ও তারিকুল ইসলাম, রিসার্চ ইনস্টিটিউটের রোকনুজ্জামান এবং কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যকার অভ্যন্তরীণ চিঠি চালাচালি নিয়ে আলোচনার সময় কর্মকর্তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এই ঘটনায় বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আহত হন, যার বাঁ চোখের নিচে আঘাত লেগেছিল। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং তিনি ঘটনার বিষয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে, সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে রোকনুজ্জামান সভাপতি, জিয়াউল হক সহসভাপতি, মামদুদুর রহমান সাধারণ সম্পাদক এবং তারিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফোরামের সভাপতি রোকনুজ্জামান।
এ বিষয়ে রোকনুজ্জামান শুক্রবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘গত ৪ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কক্ষে তাঁর উপস্থিতিতে আমরা কয়েকজন বসে দুই শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় আওয়ামীপন্থী স্বাধীনতা পরিষদের নেতা ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আমাদের কথার মধ্যে কথা বলতে শুরু করেন। একে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলসহ কয়েকজন উপাচার্যের সামনেই তেড়ে আসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’ তিনি আরও দাবি করেন, ‘এ ঘটনায় সিন্ডিকেট সভায় শুধু আমাদের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত পক্ষপাতিত্ব ও নীতিমালাপরিপন্থী। কারণ, অপরাধ হলে দুই পক্ষেরই হয়েছে। এক পক্ষ শাস্তি পাবে কেন?’
উপাচার্য অধ্যাপক শওকাত আলী শুক্রবার মুঠোফোনে জানান, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সিন্ডিকেট সভায় ওই চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।