ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সরকার পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যান্য কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে রেঞ্জ রিজার্ভ ফোর্স সিলেটের কমান্ড্যাট, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে এবং ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে এসবির সুপারনিউমারারি এসপি কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি), পুলিশ অধিদপ্তরের এসপি এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ অধিদপ্তরের এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির বিশেষ এসপি সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), এসবির বিশেষ এসপি মিজানুর রহমানকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি), এসবির এসপি মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে, এসবির বিশেষ এসপি মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে এবং পিবিআইয়ের এসপি রবিউল ইসলামকে এসবির বিশেষ এসপি হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।