রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক
যুক্তরাজ্যের আহ্বানে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত জেনোসাইড বা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনের এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের স্থায়ী মিশন জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসেও একই ইস্যুতে নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক আয়োজনের আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত ১৯ নভেম্বর গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত ঐতিহাসিক রায় প্রদান করেন। রায়ে আদালত উল্লেখ করেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।
আইসিজের রায়ের পরপরই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
এছাড়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা ঠেকাতে মিয়ানমারে বিমানের জ্বালানি (অ্যাভিয়েশন ফুয়েল) সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করা হয়েছে।