মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন
প্রবাসীকল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় ডিজিটাল পদ্ধতিতে ঋণসেবা চালু হওয়ায় ভোগান্তি কমেছে বিদেশগামী কর্মীদের
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’ ব্যবহার করে বিদেশগামী কর্মীদের জন্য অভিবাসন ঋণ সুবিধা চালুর পর থেকে এক বছরে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন দিয়েছে প্রবাসীকল্যাণ ব্যাংক। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি কর্মী অনলাইনে ঋণের আবেদন করেছেন। এটুআই কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে অনলাইনে আবেদন করার পর ঋণ অনুমোদন পেতে মাত্র ৩ থেকে ৪ দিন সময় লাগছে।
বিজ্ঞাপন
এটুআই সূত্রে জানা যায়, এই সেবার আওতায় বিদেশগামী কর্মীরা ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। ঋণের পরিমাণ নির্ধারণ করা হয় বিদেশযাত্রার প্রকৃত ব্যয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে। বর্তমানে ব্যাংকের ১২২টি শাখায় এই ডিজিটাল সেবা চালু রয়েছে। আগে অভিবাসন ঋণের জন্য বারবার ব্যাংকে যেতে হতো, যা সময় ও অর্থের অপচয় বাড়াত। এখন ঘরে বসেই আবেদন ও অগ্রগতির তথ্য জানা যাওয়ায় ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে।
প্রবাসীকল্যাণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিজিটাল পদ্ধতি চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ ৩০ শতাংশ কমেছে এবং কাগজের ব্যবহার কমেছে শতভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় ‘মাইগভ’ প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই সরকারি সেবার আবেদন, ফি প্রদান ও ডিজিটাল সনদসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন।