মৃত্যুর পরও যে তিনটি আমলের সওয়াব পাওয়া যায়
রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস অনুযায়ী তিনটি বিশেষ আমলের মাধ্যমে মৃত্যুর পরও বান্দার আমলনামায় নেকি যুক্ত হয়।
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়ার আমলের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতে তিনটি বিশেষ আমলের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে মা-বাবার জন্য দোয়া করে (সহিহ মুসলিম: ১৬৩১)।
বিজ্ঞাপন
সদকায়ে জারিয়া হলো এমন স্থায়ী দান, যা থেকে মানুষ দীর্ঘ সময় উপকৃত হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ, নলকূপ বা কূপ খনন, গাছ লাগানো, কোরআন ও ইসলামি বই বিতরণ, রাস্তা-সেতু নির্মাণ এবং হাসপাতাল বা চিকিৎসাসামগ্রী প্রদানের মতো কাজে অংশ নিলে মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়।
উপকারী জ্ঞান রেখে যাওয়া সওয়াব পাওয়ার আরেকটি মাধ্যম। কোরআন-হাদিসের শিক্ষা, সৎপথ দেখানো কিংবা শিক্ষামূলক বই ও গবেষণার মাধ্যমে অন্যরা উপকৃত হলে শিক্ষক বা লেখক মৃত্যুর পরও এর প্রতিদান পান।
নেক সন্তান মা-বাবার জন্য দুনিয়া ও আখিরাতের বড় সম্পদ। সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুললে তাদের দোয়া ও ক্ষমা প্রার্থনায় মৃত্যুর পরও মা-বাবার মর্যাদা বৃদ্ধি পায় (সুনানে ইবনে মাজাহ)। জীবন শেষ হলেও এই কল্যাণকর কাজের প্রভাব থেকে যায়, তাই প্রতিটি মুমিনের উচিত এই তিন বিষয়ে সচেষ্ট থাকা।