মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
অভিনেত্রী মৌসুমী হামিদ মা হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তানকে ঘিরেই তাঁর সব ব্যস্ততা ও জীবনের নতুন রুটিন গড়ে উঠেছে।
বিজ্ঞাপন
মা হওয়ার তারিখ সম্পর্কে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’
সন্তানের জন্মের প্রথম দুই দিন ছেলেকে ঠিকমতো দেখতে না পারলেও পরে তাঁর মনে হয়েছে, ছেলের চেহারায় তাঁরই ছাপ রয়েছে। এ বিষয়ে মৌসুমী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক—এ জন্য সবার কাছে দোয়া চাই।’
এই সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। গত জুলাই মাসে মা হতে যাওয়ার খবর জানানোর সময় তিনি স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মৌসুমী জানিয়েছিলেন, তাঁরা ১৪ বছরের পুরোনো বন্ধু এবং চিন্তাভাবনায় মিল থাকায় বিয়ে করেছেন।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। আপাতত অভিনয়ের চেয়ে সন্তানকে সময় দেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। মৌসুমী জানান, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’