সেনা অভিযানে গ্রেপ্তার মেক্সিকোর মাদকসম্রাট এল চাপো ইসিদ্রো
অভিযান পরবর্তী সহিংসতায় উত্তাল সিনালোয়া রাজ্য, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে শুক্রবার রাতে বড় ধরনের অভিযান চালিয়ে মাদকসম্রাট এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তাঁর প্রকৃত নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। এই অভিযানে তাঁর মাদক পাচারকারী সংগঠনের আরও দুই নেতাকেও আটক করা হয়েছে। শনিবার সকালে দেশটির নিরাপত্তাপ্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক আসামির তালিকায় রয়েছেন ইসিদ্রো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, গত ২০ বছরের বেশি সময় ধরে তিনি ও তাঁর অপরাধী চক্র বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা যুক্তরাষ্ট্রে পাচার করে আসছিলেন। তাঁকে ‘বেলত্রান লেইভা’ মাদক চক্রের অন্যতম নেতা হিসেবে গণ্য করা হয়, যারা সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ ছিল।
শুক্রবার রাতের এই অভিযানের পর সিনালোয়া রাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চক্রের সদস্যদের সশস্ত্র সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন এলাকায় সড়কে অবরোধ তৈরি করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী এই অভিযান পরিচালনা করে, যেখানে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে লক্ষ্যবস্তুতে গুলি চালানো হচ্ছে। এ সময় একটি বেসবল খেলা চলাকালীন স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়। এছাড়া রাতের একটি বাজারের কাছেও প্রাণ বাঁচাতে মানুষের আশ্রয় নেওয়ার দৃশ্য দেখা গেছে।
সিনালোয়ার গুয়াসাভে এলাকা থেকে ইসিদ্রোকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে মেক্সিকোর ভেতরে সামরিক অভিযান চালাবে। হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।