মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা
রোহিঙ্গাদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পাঠানোর এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি সমাধানের পথ হিসেবে দেখছে মালয়েশিয়া সরকার।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দেয়। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমন-পীড়নের পর থেকে রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি অন্যতম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এর একদিন আগেই আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয় যে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিচালিত হত্যাকাণ্ড ও যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদে সংঘটিত জেনোসাইড বা গোষ্ঠীনিধনের শামিল।
এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ তৈরি করা এই (রোহিঙ্গা শরণার্থী) সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খোঁজার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ তিনি আরও জানান, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত ও মানবিক উপায়ে মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব নেওয়া হয়েছে।
উপপ্রধানমন্ত্রী জানান, বিভিন্ন দেশ কীভাবে শরণার্থী পুনর্বাসনে একসঙ্গে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে এই উদ্যোগ তার একটি মডেল হতে পারে। কর্মসূচি বাস্তবায়নে তুরস্ক কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে মালয়েশিয়া সরকার। এক্ষেত্রে শিল্প খাতের চাহিদা, শরণার্থীদের সম্মতি এবং আন্তর্জাতিক বিধিবিধানকে গুরুত্ব দেওয়া হবে।
এদিকে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়ায় মালয়েশিয়া সরকার রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চাপের মুখে রয়েছে। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন, যাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।