নিখোঁজের তিন দিন পর ব্যাংক এজেন্টের লাশ উদ্ধার
ঘটনার সাথে জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে পুলিশ
কুমিল্লা জেলা প্রতিনিধি · সদর দক্ষিণ, কুমিল্লা
প্রকাশ:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের তিন দিন পর রেদোয়ান হোসেন (রিফাত) নামের এক ব্যাংক এজেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রেদোয়ান (৩৫) মধ্যমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লালমাই বাজারে রেদোয়ানের সঙ্গে আবরাদ হাসান (সজিব) নামের এক তরুণের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আবরাদ হাসান কিশোর গ্যাংয়ের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন। নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রেদোয়ানের বাবা দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। শুক্রবার দুপুরে শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহতের বাবা দেলোয়ার হোসেন ও পরিবারের সদস্যদের অভিযোগ, বড় ধর্মপুর গ্রামের আবরাদ হাসান (২২) মঙ্গলবার রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেদোয়ানকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলা হয়। ছেলের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন দেলোয়ার হোসেন। তিনি বলেন, “তাঁর ছেলে অনেক কষ্ট করে এজেন্ট ব্যাংকটি পরিচালনা করছিল। কিশোর গ্যাং সদস্য আবরাদ মাঝেমধ্যে সেখানে গিয়ে ঝামেলা করত। ভেবেছিলেন, সময়ের সঙ্গে এসব ঠিক হয়ে যাবে।”
পুলিশ জানায়, রেদোয়ানের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তাঁর মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আবরাদ হাসানকে আটক করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে রেদোয়ানকে হেঁটে যেতে দেখা গেছে। ওই সময় তাঁকে অনেকটা বেসামাল অবস্থায় দেখা গিয়েছিল এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে মারা গেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান শুক্রবার রাতে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আবরাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।