ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ
সংস্কৃতি মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের অফিস আদেশ বাতিলের দাবি জানিয়েছেন আরমা দত্ত
কুমিল্লা জেলা প্রতিনিধি · কুমিল্লা
প্রকাশ:
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে জারি করা অফিস আদেশ বাতিলের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তার বরাবরে এ নোটিশ পাঠান।
বিজ্ঞাপন
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপার বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে গত ৯ নভেম্বরের অফিস আদেশটি প্রত্যাহার বা বাতিলের দাবি জানানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে গৃহীত পদক্ষেপ লিখিতভাবে জানাতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় থেকে গত ৯ নভেম্বর জারি করা অফিস আদেশে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমিটি পরিদর্শনের জন্য দল গঠনের নির্দেশ দেওয়া হয়। আইনি নোটিশে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলে দিলীপ দত্ত নিহত হওয়ার পর সম্পত্তিটির উত্তরাধিকারী হন অপর ছেলে সঞ্জীব দত্ত। ১৯৯২ সালে সঞ্জীব দত্তের মৃত্যুর পর তাঁর সন্তান আরমা দত্ত ও রাহুল দত্ত সম্পত্তির মালিকানা লাভ করেন এবং পরবর্তী সময়ে বিএস জরিপে তাঁদের নামে জমিটি রেকর্ড হয়।
নোটিশে আরও বলা হয়, চলতি বছরের ১৩ মে রাহুল দত্তের মৃত্যুর পর আরমা দত্ত একক মালিক হিসেবে সম্পত্তিটির নামজারি করে নিয়মিত কর পরিশোধ করে আসছেন। সম্পত্তিটি কখনোই পরিত্যক্ত ছিল না এবং সরকারও একে পরিত্যক্ত তালিকায় অন্তর্ভুক্ত করেনি। গত ১৪ জুন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এই সম্পত্তিকে ঐতিহ্যবাহী স্থাপনা ঘোষণার প্রস্তাব দেন। এরপর আরমা দত্ত গত ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর ব্যক্তিগত সম্পত্তি হেরিটেজ সাইটের তালিকায় না রাখার অনুরোধ করলেও কোনো জবাব পাননি।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার ভাষ্যমতে, ১১ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের মাধ্যমে আরমা দত্ত জানতে পারেন যে তাঁর ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের জন্য একটি দল গঠন করা হয়েছে। ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ৬ ধারা অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণের আগে মালিককে নোটিশ দেওয়া এবং বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া আবশ্যক, যা এখানে লঙ্ঘন করা হয়েছে। এছাড়া সংবিধানের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সম্পত্তি ধারণের মৌলিক অধিকার ক্ষুণ্ন করে কোনো প্রশাসনিক আদেশ দেওয়া যায় না বলে নোটিশে দাবি করা হয়েছে।