নীলফামারীতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান
নীলফামারী জেলা প্রতিনিধি · নীলফামারী
প্রকাশ:
রোববার সকালে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারী বন্ধুসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান। এরপর বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, টিআইবির সাবেক সভাপতি তাহমিনুল হক, ইউএসএসএর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, বন্ধুসভার উপদেষ্টা জুলফিকার আলী এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।
বক্তারা তাদের আলোচনায় বলেন, ‘প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, এটি মানুষের কথা বলে, মানুষের অধিকার তুলে ধরে এবং দেশের বাস্তব চিত্র প্রকাশ করার একটি সাহসী সংবাদমাধ্যম।’ তারা আরও বলেন, ‘প্রথম আলো সাধারণ মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন, প্রত্যাশা ও সংগ্রামের কথা বলে। দেশের সমস্যা, সম্ভাবনা ও সংকটকে তুলে ধরে। অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সত্যের পক্ষে কলম ধরে। কারণ, একটি সংবাদপত্রের দায়িত্ব শুধু খবর প্রকাশ করা নয়, বরং সমাজের অসংগতি তুলে ধরে মানুষকে সচেতন করা এবং ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা। আমরা বিশ্বাস করি, সত্যের কণ্ঠ কখনো থেমে থাকতে পারে না। তাই প্রথম আলো মানুষের কথা, দেশের কথা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি।’
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্য এবং অগ্নিবিনা ললিত কলা একাডেমির শিল্পীরা। সবশেষে সমাপনী বক্তব্য দেন রুবি বানু।