গোপালগঞ্জের পাঁচ থানায় গ্রেপ্তার, সংখ্যা না জানায় ডিআইজি
সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
বিজ্ঞাপন
রোববারের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে ডিআইজি জানান, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি তবে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হচ্ছে। ডিআইজি হিসেবে এটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিতে পারি বা বলতে পারি যে কোনো নিরাপরাধ লোক বা অহেতুক কাউকে হেনস্তা করা হবে না।’ তিনি গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি, তবে গোপালগঞ্জের পাঁচটি থানায় বেশ কিছু গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেন।
জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির ১০ প্লাটুন ও এসআরএফ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে তিনি জানান।
আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি সম্পর্কে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘যে কোনো কর্মসূচি বিবেচনায় নিয়েই আমরা সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা সাজাই। কর্মসূচির তারিখ ও সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিজিবিও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। গোপালগঞ্জে জনজীবনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’ নিষিদ্ধ ঘোষিত দলের কার্যালয় খোলার বিষয়ে তিনি জানান, জননিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষার সব বিষয়ে বাহিনী তৎপর রয়েছে এবং আইনের বাইরে কোনো কর্মকাণ্ড হলে পুলিশ আইনি প্রক্রিয়া অনুসরণ করবে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববারের বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে। ওইদিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এছাড়া রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতা-কর্মীরা। সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।