পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি কাজ করছে বিজিবি
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৫০ সদস্যের এই বিজিবি টিম মাঠে কাজ শুরু করেছে।
বিজ্ঞাপন
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, 'সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।' এছাড়া দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেবেন বলেও তিনি উল্লেখ করেন।
ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, জেলায় এক হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে নিয়মিত মোবাইল টিম দায়িত্ব পালন করায় যান চলাচল স্বাভাবিক ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জ সদরসহ জেলার অন্য চারটি পৌরসভা ও উপজেলা শহরেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি বিবেচনায় প্রতিদিনই নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ ব্রিফিংয়ে গোপালগঞ্জ থেকে সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক আরিফ উজ জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উপস্থিত ছিলেন।