গোপালগঞ্জে মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, গত ১০ নভেম্বর সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় এসআই মোসলেম আলী ১৩ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছিলেন। ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান অভিযোগ করে বলেন, 'টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাদের একটি দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ (রেফ্রিজারেটর) লুট করে নিয়ে গেছে। এ ছাড়া বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকারও লুট করা হয়েছে। আমাদের আশঙ্কা, এগুলো আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের নির্দেশেই ঘটানো হচ্ছে।' তিনি আরও বলেন, তাদের কর্মকাণ্ড ও আস্ফালন দেখে মনে হচ্ছে, এখানেই তারা থেমে থাকবে না। ভবিষ্যতে আরও অরাজকতা, লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে।
এর আগে আজ বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেন। এ সময় তাঁদের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয় এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়েছে।