গোপালগঞ্জে সংঘর্ষ–আগুনের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
টুঙ্গিপাড়া, লঞ্চঘাট সেতু ও কাশিয়ানীসহ বিভিন্ন এলাকায় আগুন জ্বালানো ও অবরোধের ঘটনা ঘটেছে
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর আজ মঙ্গলবার বিকেলে সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করা হবে। এর আগে আজ দুপুরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এবং মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। ফলে গোপালগঞ্জ‑পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে এবং তাদের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। অবরোধের সময় বিক্ষোভকারীরা এক পাশে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্য পাশে মুখোমুখি অবস্থায় দেখা যায়, ফলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সকাল সাতটার দিকে কাশিয়ানি উপজেলায় কালনা মধুমতী সেতুর টোল প্লাজা এলাকায় অবরোধ করা হয়। একই সময়ে পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা‑খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সরে যায় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল সোমবার রাতের দিকে কাশিয়ানি ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা‑খুলনা মহাসড়ক অবরোধ, মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা‑খুলনা মহাসড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ৭টি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। আজ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি দাবি করেন।