গোপালগঞ্জে পিকআপের চাপায় বাবা ও মেয়ের মৃত্যু
রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরে অটোভ্যান ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · মুকসুদপুর, গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্যমতে, নিহতরা অটোভ্যানে করে মুকসুদপুরে তাঁদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে খুলনা থেকে আসা একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে চাপা দেয়। এরপর পিকআপটি মহাসড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় ভ্যানচালক সামান্য আঘাত পেলেও সাইফুল ইসলাম ও তাঁর মেয়ে সামিরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।