সাত বছর পর ‘নভেরা’ মঞ্চে ফিরে এল
শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে নাটকটির ৩০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
দীর্ঘ সাত বছর পর আবারও মঞ্চে ফিরছে ধ্রুপদি আর্ট সেন্টারের প্রথম প্রযোজনা একক নাটক নভেরা। আজ শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে অবস্থিত নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ৩০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
হাসনাত আবদুল হাইয়ের মূল রচনার নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব এবং এতে একক অভিনয় করছেন সামিউন জাহান। ২০১৬ সালে প্রথমবার মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক ভাস্কর্যের ইতিহাসে নভেরা আহমেদ একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী নাম। প্রচলিত শিল্পভাবনা ও সামাজিক কাঠামোর বাইরে গিয়ে তিনি নিজস্ব শিল্পভাষা নির্মাণ করেছিলেন। তাঁর জীবন ও শিল্পচর্চার সঙ্গে স্বাধীনতার আকাঙ্ক্ষা, ব্যক্তিস্বাতন্ত্র্য, প্রেম, নিঃসঙ্গতা ও নিরন্তর অনুসন্ধানের বিষয়গুলো জড়িয়ে আছে।
এক সময় জনপরিসর থেকে নীরবে সরে যাওয়া এই শিল্পীকে নাটকের মাধ্যমে তাঁর শিল্প ও অন্তর্জগতের মধ্য দিয়ে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। ১ ঘণ্টা ১০ মিনিটের এই একক নাটকে একজন অভিনেতার মাধ্যমে নভেরার বহুমাত্রিক ব্যক্তিসত্তা ও শিল্পীসত্তাকে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির টিকিটের মূল্য ২০০, ৩০০, ৫০০ ও ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।