গাড়িতে গুলির পর আসিফ আকবরের স্ত্রীর দাবি, একজনকে দৌড়ে পালাতে দেখেছেন
শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িটি মার্কেটের নিচে পার্ক করা ছিল। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির পেছনের জানালা খোলা অবস্থায় ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন। পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে এই হামলার কারণ বা জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শিল্পী আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু জানান, ঘটনার সময় তিনি গুলির শব্দ শুনে নিচে নেমে একজনকে দৌড়ে পালাতে দেখেছেন। তিনি বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’
কাউকে সন্দেহ করছেন কি না জানতে চাইলে সালমা আসিফ মিতু আরও বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি। আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’