প্যারিসের কাছে গুলিবর্ষণে নিহত, হামলাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ বললেন ম্যাক্রঁ
ফ্রান্সের ট্রেপস ও লা ভেরিয়েরে চালানো এই হামলায় ১২ বছর বয়সী শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ প্যারিসের উপকণ্ঠে বন্দুকধারীর চালানো হামলাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন। এই হামলায় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটিকে তিনি 'প্রজাতন্ত্র ও জাতির জীবনে একটি সন্ধিক্ষণ' হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ধরনের নির্বিচার বর্ণবাদী হত্যাকাণ্ডের ঘটনা আগে কখনো ঘটেনি।
বিজ্ঞাপন
প্যারিসের দক্ষিণ-পশ্চিমে প্রথমে ট্রেপস শহরে এবং পরবর্তীতে লা ভেরিয়েরে এই গুলির ঘটনা ঘটে। শুক্রবার প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হামলায় হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি ছুড়েছেন। অভিবাসীদের লক্ষ্যবস্তু করে চালানো এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়েসহ তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ট্রেপসে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ম্যাক্রঁ বলেন, মানুষের গায়ের রং বা ধর্মের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি জনসাধারণকে এ ধরনের 'শেকড় গেড়ে বসতে থাকা মতাদর্শের' বিরুদ্ধে একচুলও ছাড় না দেওয়ার আহ্বান জানান। যদিও হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তবে ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাটি 'সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ড' বলে মনে হচ্ছে।
ফরাসি সংবাদমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির নাম কেভিন টি বলে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, ৩৯ বছর বয়সী এই ব্যক্তি পুলিশের পরিচিত হলেও ফ্রান্সের গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের তালিকায় ছিলেন না। তার বিরুদ্ধে আগে চারটি অপরাধে দণ্ডাদেশ ছিল, যেগুলো 'স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছিল'। শুক্রবার সন্দেহভাজন ব্যক্তির 'নিকটতম' একজনকে আটক করা হয়েছে।
ট্রেপসের মেয়র আলি রাবেহ বলেন, 'শুক্রবার সকালে একজন ব্যক্তি নিজের গাড়ি থেকে তার সামনে পড়া বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালান।' প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বন্দুকধারী ধূসর রঙের একটি রেনো ক্লিও গাড়ি ব্যবহার করে বিভিন্ন আবাসিক এলাকা দিয়ে চলাচল করেন। মেয়র আরও বলেন, তিনি 'এলোমেলোভাবে গুলি চালিয়েছেন' এবং তার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে হতাহত করা। তার ভাষ্যমতে, 'তিনি ব্যাপক হত্যাযজ্ঞ ঘটাতে চেয়েছিলেন।'
বিজ্ঞাপন
ট্রেপসের একটি পেট্রল স্টেশন, একটি চিকিৎসাকেন্দ্র এবং একটি শিশুদের খেলার মাঠে লোকজনকে লক্ষ্যবস্তু করার পর হামলাকারী পাশের লা ভেরিয়েরের দিকে চলে যান। পুলিশ ইউনিয়নের এক কর্মকর্তা জানান, শহরের মধ্য দিয়ে যাওয়া প্রধান সড়কে লা ভেরিয়েরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
আহত ১২ বছর বয়সী মেয়েটির মা ফরাসি একটি সম্প্রচার মাধ্যমকে জানিয়েছেন যে, তার মেয়ের শরীরে আটটি গুলির ক্ষত হয়েছে এবং অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি প্রশ্ন করেন, 'কেউ একটি শিশুর সঙ্গে এমনটা কীভাবে করতে পারে?' মেয়েটির মা জানান, তার মেয়ের মাথায় স্কার্ফ ছিল এবং এ কারণেই তাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, 'সে ফ্রান্সে, ট্রেপসে জন্ম নেওয়া একটি শিশু। ফ্রান্সে বসবাস করার এবং এখানে নিজের জীবন গড়ে তোলার অধিকার তার রয়েছে।'
খবরে বলা হয়েছে, হামলাকারী একটি প্রধান সড়ক ধরে গাড়ি চালানোর সময় জানালা দিয়ে থেমে থেমে গুলি চালান। স্থানীয় পুলিশের এক প্রধান টেলিভিশনকে জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি 'পুরনো ধরনের একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র' ব্যবহার করেছিলেন। লে প্যারিজয়াঁর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। সন্ত্রাস বিরোধী প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, তদন্তে 'ক্যাটাগরি এ-ভুক্ত অস্ত্রের দখলে থাকা'র বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা সামরিক কাজে ব্যবহৃত হয়। এছাড়া ব্যক্তির বিরুদ্ধে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।