কলকাতা বিমানবন্দরে দুই দিনে দুবার ভুয়া বোমাতঙ্ক
শনিবার ফুকেট থেকে আসা বিমানে বোমা থাকার ভুয়া খবরে আতঙ্ক ছড়ায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন বোমাতঙ্ক ছড়িয়েছে। শনিবার বেলা তিনটার দিকে থাইল্যান্ডের ফুকেট থেকে আসা একটি বিমানে বোমা থাকার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশির পর নিশ্চিত হওয়া গেছে যে, বিমানে কোনো বোমা বা বিস্ফোরক নেই।
বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্র জানায়, ফুকেট থেকে আসা বিমানটি অবতরণের পর কেবিন ক্রুরা শৌচাগার পরিষ্কার করতে গিয়ে আয়নার ওপর ‘বিমানের ভেতরে বোমা রাখা আছে’ লেখাটি দেখতে পান। বিষয়টি দ্রুত পাইলট ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের অবহিত করা হয়। এরপর বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দর পুলিশ।
তদন্তকারীরা ধারণা করছেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কেউ এই হুমকিবার্তা লিখে থাকতে পারে। বার্তাটি কে লিখেছে তা শনাক্ত করতে বিমানের যাত্রীতালিকা ও বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বারবার এমন ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তাও তদন্ত করে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে শুক্রবারও এই বিমানবন্দরে ভুয়া তথ্য ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেদিন বিমানবন্দরের নারীদের শৌচাগারে একটি হুমকি-চিরকুট পাওয়া যায়, যেখানে বোমা রাখা আছে বলে দাবি করা হয়েছিল। তবে তদন্তে সেটিও ভুয়া বলে প্রমাণিত হয়।