মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি: পুলিশ
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। তাঁর ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি।
ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কে বা কারা এই গুলি চালিয়েছে কিংবা এর পেছনের উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। হাতিরঝিল থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।