সৌদুগামী ১৪১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ জারি হওয়ায় ১১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচলে এই প্রভাব পড়েছে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপের ফলে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী মোট ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ফ্লাইট স্থগিত রাখতে হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, এই ঘটনায় ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার রাত ১১টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, ক্ষতিগ্রস্ত ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট অন্তর্ভুক্ত। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।
বেবিচকের তথ্যমতে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তিন দফায় তাদের ফ্লাইট স্থগিত করেছে। এর মধ্যে বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদের ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।