খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
শনিবার বেলা সোয়া ১১টার দিকে পারহাজীগ্রামে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়
খুলনা জেলা প্রতিনিধি · তেরখাদা, খুলনা
প্রকাশ:
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রামিম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবার নাম হাবিবুর রহমান এবং তাঁদের বাড়ি পারহাজীগ্রামে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভ্যানে করে কোলাবাজারের দিকে যাচ্ছিলেন রামিম বিশ্বাস। বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে তেরখাদা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।